সড়ক ও জনপথ বিভাগের সড়ক যোগাযোগ উন্নয়ন প্রকল্পের (আরএনআইএমপি-২) আওতায় নির্মিতব্য নীলফামারী থেকে ডোমার পর্যন্ত সড়কের কাজ বন্ধ হয়ে গেছে। জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ দিতে দেরি ও তিন বছর আগের দরে কাজ করতে ঠিকাদারের আপত্তির বিষয়ে সিদ্ধান্তহীনতার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে এ পথে চলাচলকারী হাজারো মানুষ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আরএনআইএমপি-২-এর আওতায় দিনাজপুরের ফুলবাড়ী থেকে নীলফামারী ও ডোমার হয়ে পঞ্চগড়ের বোদা পর্যন্ত ৮২ কিলোমিটার সড়কের নির্মাণকাজ চলছে। এর বেশির ভাগ কাজ শেষ হলেও নীলফামারী থেকে ডোমার পর্যন্ত ২৩ কিলোমিটার সড়কের নির্মাণকাজ বন্ধ রয়েছে।এ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনেম প্রাইভেট লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক শরীফুজ্জামান জানান, নীলফামারী থেকে দেবীগঞ্জ পর্যন্ত সড়কের নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তর না হওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না। এরই মধ্যে কার্যাদেশের মেয়াদ শেষ হয়েছে। সম্প্রতি সময়সীমা এক বছরের জন্য বাড়ানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণ জমি হস্তান্তর করা হয়নি। তিনি আরও জানান, এটা ছাড়াও তিন বছর আগের দর অনুযায়ী সড়কটির নির্মাণকাজ করলে তাঁদের লোকসান গুণতে হবে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা সিদ্ধান্ত দিলে কাজ শুরু করা হবে।নীলফামারী ভূমি অধিগ্রহণ কার্যালয়ের কানুনগো ফাহিম উদ্দিন আহম্মেদ বলেন, নীলফামারী থেকে ডোমার পর্যন্ত ২৩ কিলোমিটার সড়ক সম্প্রসারণে ১৩৫ দশমিক ১৭ একর জমি অধিগ্রহণের কাজ চলছে। এসব জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার কাজ চলছে।নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জমি অধিগ্রহণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আশা করছি, আগস্ট মাসেই জমি হস্তান্তরের কাজ শেষ হবে।’যোগাযোগ করা হলে আরএনআইএমপি-২ প্রকল্পের উপবিভাগীয় প্রকৌশলী সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, গত ২৪ জুন কার্যাদেশের তিন বছরের মেয়াদ শেষ হয়। এরপর এক বছরের জন্য সময় বাড়ানো হয়েছে। তিন বছর আগের দরে ঠিকাদারের কাজ করতে আপত্তি সম্পর্কে তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ব্যাপারে একটি আবেদন করা হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বৈঠক করেছে। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। শিগগিরই এ বিষয়ে একটি সিদ্ধান্ত পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।দুর্ভোগ: নীলফামারী শহরের বড়মসজিদ সড়কের বাসিন্দা ঠিকাদার নাসির আহম্মেদ বলেন, সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নীলফামারী থেকে ডোমারের ৮০০ টাকার মাইক্রোবাস ভাড়া এখন নিচ্ছে দেড় হাজার টাকা। তার পরও কেউ যেতে চায় না।ট্রাকের চালক আবদুর রশিদ বলেন, ওই সড়কে অনেক ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে।নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ সরকার বলেন, সড়কটি সংস্কার না করায় পরিবহন খরচ বেশি হচ্ছে। এ কারণে নীলফামারীতে বৃদ্ধি পাচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।