নীলফামারী থেকে অপহূত শিশু ভারতে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী থেকে অপহরণের পর ভারতে পাচার করা সাড়ে চার বছরের শিশু জুনায়েদ সিদ্দিকীকে একদিন পরই উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতীয় নাগরিক ওসমান মোল্লা ও বাংলাদেশি শিউলি আখতারকে (২২) আটক করেছে বিএসএফ। গতকাল সোমবার বিরামপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে জুনায়েদ ও শিউলিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। ওসমান মোল্লা ভারতীয় নাগরিক হওয়ায় বিএসএফ তাঁকে বিজিবির কাছে হস্তান্তর করেনি। ভারতীয় আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিএসএফ। পুলিশ জানায়, জুনায়েদ নীলফামারীর বড় সাংগলশী (গোদাপাড়া) মহল্লার জামিউল ইসলামের বড় ছেলে। গত শনিবার নিজ বাড়ির সামনে থেকে সে অপহূত হয়। শিশুটির বাবা জামিউল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি ঝুটের ব্যবসা করতেন। ব্যবসার সূত্র ধরে ওসমান মোল্লার সঙ্গে তাঁর পরিচয় হয়। ওসমান মোল্লা ঢাকার সাভারের ব্যবসায়ী বলে তিনি জানতেন। গত শনিবার দুপুরে ওসমান মোল্লা ও শিউলি আখতার জুনায়েদকে মেলায় নিয়ে যাওয়ার কথা বলে বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যান। পুলিশ জানায়, এই ঘটনায় জামিউল নীলফামারী থানায় ওসমান ও শিউলিকে আসামি করে মামলা করেন। রোববার সকালে ওসমান নয় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন ও টাকা নিয়ে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা সীমান্তে আসতে বলেন। মামলার তদন্ত কর্মকর্তা নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) আরমান আলী জানান, মামলা হওয়ার পর পুলিশ বিষয়টি বিজিবিকে জানায়। ৪০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মিজানুর রহমান জানান, বিষয়টি জানার পর সীমান্তে টহল জোরদার করা হয়। সেই সঙ্গে বিএসএফকে বিষয়টি জানানো হয়। রোববার রাতে ভারতের গোবিন্দপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা জুনায়েদকে উদ্ধার এবং ওই দুজনকে আটক করে। বিজিবি জানায়, গতকাল সকালে জুনায়েদ ও শিউলিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বিজিবি তাদের বিরামপুর থানায় হস্তান্তর করেছে। বিরামপুর থানায় শিউলি বলেন, তিনি চাকরির জন্য ছয় মাস আগে নীলফামারী আসেন। তিনি ও ওসমান মোল্লা একই বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার বেড়াতে যাওয়ার কথা বলে তাকে একটি মাইক্রোবাসে করে ওসমান মোল্লা নিয়ে যান। শিউলির দাবি, শিশু অপহরণের বিষয়ে তিনি কিছুই জানেন না। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন মন্ডল প্রথম আলোকে বলেন, আইনগত আনুষ্ঠানিকতা শেষে শিশুটিকে নীলফামারী পুলিশের মাধ্যমে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।