নীলফামারী থেকে দূরপাল্লার বাস চলাচলে অচলাবস্থা
নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সিদ্ধান্তের কারণে নীলফামারী জেলা থেকে দূরপাল্লার যাত্রীবহী বাসগুলো চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।নীলফামারী জেলা দূরপাল্লা কোচ কমিশন এজেন্ট সমিতির আহ্বায়ক বাদশা আলমগীর বলেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সিদ্ধান্তমতে, নীলফামারী জেলার প্রতিটি উপজেলার দিবাকালীন যাত্রীবাহী বাস সর্বোচ্চ সকাল সাড়ে সাতটায় তাদের কাউন্টার ত্যাগ করে সকাল নয়টার মধ্যে সৈয়দপুরের ওয়াপদা মোড় ও কিশোরগঞ্জের মাগুরা মোড় অতিক্রম করতে হবে। একই সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা দিবাকালীন বাসগুলোকে সন্ধ্যা সাতটার পর মাগুরা মোড় ও সৈয়দপুর টার্মিনাল অতিক্রম করে জেলার অভ্যন্তরে ঢুকতে হবে এবং রাত্রীকালীন বাসগুলোকে রাত নয়টার পর কাউন্টার ত্যাগ করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে যাত্রা করতে হবে।বাদশা আলমগীর আরও জানান, গত বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হওয়ায় সকাল নয়টার পর উল্লিখিত এলাকা অতিক্রম করতে না পারায় গত কয়েক দিনে বেশ কয়েকটি বাস সৈয়দপুর টার্মিনালে আটকে দেওয়া হয়। পরে বাসগুলো ছেড়ে দেওয়া হলেও সময় নষ্ট হওয়ায় যাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে।জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, ‘আমরা সড়ক পরিবহন সংস্থার (আরটিসি) সভার সিদ্ধান্ত অনুযায়ী রেজুলেশন করে এ সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বেঁধে দেওয়া সময়ের পর যেসব গাড়ি আসছে, সেগুলো আটক করে আলটিমেটাম দিয়ে ছেড়ে দিচ্ছি।’জেলা প্রশাসক মো. ফরহাদ হোসেন বলেন, ‘আরটিসির সভায় এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। মালিক সমিতির সিদ্ধান্তের কারণে সমস্যা হওয়ার বিষয়ে আমি ওই সমিতির সভাপতির সঙ্গে কথা বলেছি এবং ২৩ ফেব্রুয়ারি বিকেলে আরটিসির সভাও ডেকেছি। ওই সভার আগে বাসগুলো যথা নিয়মে চলাচল করবে বলেও তাঁদের জানিয়ে দিয়েছি।’