নীলফামারী থেকে পাহারায় চলছে যান, তবুও দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০-দলীয় জোটের ডাকা অবরোধে নাশকতার আশঙ্কা থাকায় নীলফামারী থেকে প্রতিদিন বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় প্রায় ২০০ দূরপাল্লার যান চলাচল করছে। তবে প্রশাসন বেঁধে দেওয়া সময়ে নির্দিষ্ট স্থানে থাকতে বলায় যাত্রী ও চালকেরা দুর্ভোগ পোহাচ্ছেন।
নীলফামারী বাস টার্মিনালে গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে দেখা গেছে, দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকের সারি। এ সময় অনেক চালক জানান, তাঁরা ওই টার্মিনালে এসেছেন দুপুর ১২টার মধ্যে। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাঁরা তিন ঘণ্টা অপেক্ষার পর গন্তব্যের উদ্দেশে যেতে পারবেন।
ডোমার উপজেলা শহর থেকে আসা বাসযাত্রী শফিকুল ইসলাম জানান, ঢাকা যাওয়ার উদ্দেশে তিনি ডোমার থেকে একটি বাসে উঠেছেন সকাল ১০টায়। প্রশাসনের বেঁধে দেওয়া সময়ে নীলফামারী বাস টার্মিনালে পৌঁছাতে না পরায় ওই বাস ছাড়বে বেলা তিনটায়। অপর যাত্রী আবদুল খালেক এসেছেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ থেকে। তিনি জানান, প্রশাসনের বেঁধে দেওয়া সময় সকাল নয়টার পরে বাসটি নীলফামারী বাস টার্মিনালে পৌঁছায়। এ কারণে বেলা তিনটা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। ট্রাকচালক খালেকুজ্জামান পঞ্চগড় থেকে পাথর নিয়ে যাবেন ঢাকায়। গতকাল সেখান থেকে রওনা দিয়ে পথে থেমে থেমে র্যাব ও পুলিশের পাহারায় দুপুর ১২টায় পৌঁছান নীলফামারী বাস টার্মিনালে। সেখান থেকে যাত্রা শুরু করবেন বেলা তিনটায়।
নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা জানান, জেলার অভ্যন্তরীণ সড়কে পুলিশের বিশেষ টহলের কারণে যান চলাচল স্বাভাবিক আছে। কেন্দ্রের নির্দেশে র্যাব ও পুলিশের পাহারায় প্রতিদিন দূরপাল্লার প্রায় ২০০ যানবাহন এ জেলার ভেতর দিয়ে চলাচল করছে। এর মধ্যে নিয়মিত ঢাকাগামী ১৭টির অধিক বাস রয়েছে। বাকিগুলো পণ্যবাহী ট্রাক।
সদর থানার ওসি আরও বলেন, দূরপাল্লার যান চলাচলে গত শুক্রবার পর্যন্ত সকাল নয়টা, বেলা তিনটা ও রাত নয়টায় নির্ধারিত সময় ছিল। নিরাপত্তাজনিত কারণে শনিবার থেকে রাতের সময় বাতিল করা হয়েছে। এখন থেকে শুধু সকাল নয়টা এবং বেলা তিনটায় যান চলাচলে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে।