নীলফামারী পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নীলফামারী পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান তৌহিদকে দল থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার জেলা ছাত্রদল এ সিদ্ধান্ত জানায়। জেলা ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচি পালন শেষে দলীয় কার্যালয়ের সামনে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান তৌহিদ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। জেলা বিএনপির সভাপতি আহসান আহমেদ, সাধারণ সম্পাদক সামসুজ্জামানসহ বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে তখন সমাবেশ চলছিল। এ ঘটনায় জেলা বিএনপি ও ছাত্রদলের এক যৌথ সভায় তৌহিদকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।দলের নেতা-কর্মীরা জানান, ঘটনার দিন সমাবেশে বক্তৃতা দেওয়ার জন্য জেলা ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ আজমের নাম ঘোষণা করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক। এতে ক্ষিপ্ত হয়ে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক তৌহিদ এনামকে সমাবেশস্থলে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। হাসানুজ্জামান তৌহিদ বলেন, ‘বহিষ্কারের চিঠি এখানো আমি পাইনি। জেলা ছাত্রদল দুই ভাগে বিভক্ত। আমাকে বহিষ্কারের এখতিয়ার জেলা কমিটির নেই।