নীলফামারী বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা
নীলফামারী বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে বড়বাজার চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ সরকার। নীলফামারী শিল্প ও বণিক সমিতির উদ্যোগে নীলফামারী বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর বলেন, ‘ক্রেতা-বিক্রেতা সবাইকে ফরমালিন সম্পর্কে সচেতন হতে হবে। সবাই মিলে চেষ্টা না করলে আমরা ফরমালিনমুক্ত হতে পারব না।’ তিনি বলেন, মানুষের কল্যাণে ফরমালিনের আবিষ্কার হয়েছে। আজ একশ্রেণির অসাধু মানুষ সেই ফরমালিনের অপব্যবহার করে মানবজাতির ক্ষতি করছে। এটি মানবতাবিরোধী কাজ। এমন মানবতাবিরোধী কাজ প্রতিরোধে সবাইকে সজাগ থাকাতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস এ এম রফিকুন্নবী, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সিভিল সার্জন স্নেহ কান্তি চাকমা প্রমুখ। পরে মন্ত্রী বাজারের একটি দোকানের বিভিন্ন ফল পরীক্ষা করে চেম্বারের দেওয়া ফরমালিন শনাক্তকরণ যন্ত্রটির উদ্বোধন করেন।