নীলফামারী বিএনপির দুই পক্ষে সংঘর্ষ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করেছে। বুধবার রাত সাড়ে আটটায় পৌর মার্কেট ও খয়রাত হোসেন মার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে আটটার দিকে ওই এলাকার দলীয় কার্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের জন্য কমিটি গঠন করা নিয়ে বিরোধের জের ধরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল্লা রুবেল ও জেলা বিএনপির নেতা রবিউল ইসলামের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ সময় পৌর মার্কেট ও খয়রাত হোসেন মার্কেট এলাকার সব ব্যাবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সংঘর্ষের সময় পুলিশ স্বপন (৩২) ও সাইফুর ইসলাম (৩০) নামের দুইজনকে আটক করে। জেলা বিএনপির সভাপতি আহসান আহম্মেদ বলেন, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পল্লবকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। পরে পৌর বিএনপির সভাপতি জহুরুল আলমকে আহ্বায়ক করার প্রস্তাব আসে। এ বিষয়ে নতুন করে কমিটি গঠনের জন্য সভা আহ্বান করা হয়। ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। সংঘর্ষের ব্যাপারে তিনি বিশেষ কিছু জানেন না বলেও জানান।