নীলফামারী বিএনপির নতুন কমিটি নিয়ে উত্তেজনা
নীলফামারী জেলা বিএনপির কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার আগেই নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করায় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।গত শনিবার সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি আহসান আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্পূর্ণ অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীভাবে নতুন করে কেন্দ্রীয় কমিটি থেকে জেলা বিএনপির ১২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অবৈধভাবে যে আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছে, তা আগামী সাত দিনের মধ্যে বাতিল করা না হলে জেলা বিএনপির সব উপজেলা ও ইউনিয়ন কমিটির সমন্বয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি তিনি নতুন আহ্বায়ক কমিটি বাতিলের জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়ার হস্তক্ষেপ কামনা করেছেন।আহসান আহম্মেদ আরও বলেন, ২০০৯ সালের ২৯ ডিসেম্বর নীলফামারী জেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয় এবং পরের বছরের ১৬ মার্চ কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদন দেওয়া হয়, যার মেয়াদ এখনো শেষ হয়নি। কিন্তু হঠাৎ নীলফামারী জেলা বিএনপিকে কোনো কারণ দর্শানো নোটিশ বা জিজ্ঞাসাবাদ না করে ১৪ সেপ্টেম্বর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ওই দিন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুল আরেফীন চৌধুরীকে আহ্বায়ক এবং সামসুজ্জামানকে সদস্যসচিব করে ১২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।এ ব্যাপারে বর্তমান আহ্বায়ক কমিটির সদস্যসচিব সামসুজ্জামান বলেন, ‘এটা স্থায়ী কমিটির সিদ্ধান্তে দলের বৃহত্তর স্বার্থে করা হয়েছে। আমরা ওই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’