নীলফামারী বয়েজ ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল প্রথম আলো ক্রিকেট লিগের ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর l ছবি: প্রথম আলো
নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল প্রথম আলো ক্রিকেট লিগের ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর l ছবি: প্রথম আলো

নীলফামারীতে প্রথম আলো ডিএসএ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারী বয়েজ ক্রিকেট ক্লাব। নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার ফাইনালে সাডেন ক্রিকেট ক্লাবকে ১১০ রানে হারিয়েছে তারা। বিকেলে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও প্রথম আলোর পৃষ্ঠপোষকতায় নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে গত ১৯ মার্চ এই ক্রিকেট লিগ শুরু হয়। গতকাল ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে বয়েজ ক্রিকেট ক্লাব। নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা ২২৭ রান করে। জবাবে সাডেন ক্রিকেট ক্লাব ২৪.৪ ওভারে অলআউট ১১৭ রানে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের আবিরুজ্জামান (৩১ রান ও চার উইকেট)।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা মহিলা ফুটবল দলের পক্ষে সুরভী রায় ও অংশগ্রহণকারী ক্লাবগুলোর পক্ষ থেকে আরিফুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, জেলা বণিক সমিতির সভাপতি মারুফ জামান, জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল ওয়াহেদ সরকার, ক্রীড়া সংগঠক মীর আজিজুল হাকিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘খেলাধুলায় নীলফামারীর অতীত ইতিহাস আছে। ওই ইতিহাস ধরে আমরা নতুন করে চেষ্টা করছি, আমাদের ছেলেমেয়েরা যাতে বড় জায়গায় যেতে পারে।’ সাত বছর ধরে জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে যুক্ত থাকার কারণে প্রথম আলো পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, প্রথম আলোর পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২০১১ সাল থেকে নীলফামারীতে প্রথম আলো ক্রিকেট লিগ ও প্রথম আলো ভলিবল অনুষ্ঠিত হয়ে আসছে। এবার ক্রিকেট লিগে জেলার ১০টি ক্রিকেট ক্লাব অংশ নিয়েছে।