নীলফামারী মুক্ত দিবস আজ
নীলফামারী মুক্ত দিবস আজ মঙ্গলবার। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা নীলফামারীকে পাকিস্তানি বাহিনী মুক্ত করে ভোরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের পতাকা।
বীর যোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগানে রাস্তায় নেমে আসে মুক্তিকামী সব শ্রেণি-পেশার মানুষ। বিজয়ের উল্লাসের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সেই সময়ের মহকুমা শহর নীলফামারী।
স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধা বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালে ছাত্র-জনতা ঝাঁপিয়ে পড়ে মুক্তির সংগ্রামে। শুরুতে মিটিং-মিছিল আর সভা সমাবেশের মধ্য দিয়ে গড়ে ওঠে দেশমাতৃকা রক্ষার আন্দোলন। নীলফামারী মহকুমা শহরের অস্ত্রাগারে রক্ষিত অস্ত্র ছিনিয়ে নিয়ে নীলফামারী বড় মাঠে শুরু হয় অস্ত্রচালনার প্রশিক্ষণ। এরপর ভারতে প্রশিক্ষণ নিয়ে ৬ নম্বর সেক্টরের অধীনে মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে। নয় মাসের গেরিলা আক্রমণ ও সম্মুখযুদ্ধে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলা মুক্ত করে তাঁরা এগিয়ে আসেন নীলফামারী শহরের দিকে। ১২ ডিসেম্বর রাতে শহরের চারদিক থেকে প্রবল আক্রমণে হানাদার বাহিনী পরাজিত হয়ে নীলফামারী শহর ছেড়ে শেষে আশ্রয় নেয় সৈয়দপুর সেনানিবাসে।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফজলুল হক বলেন, দিনটিকে স্মরণ করতে আজ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সকালে উত্তোলন করা হবে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা। সকাল ১০টার দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে বের হয়ে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। এরপর দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে প্রীতিভোজ অনুষ্ঠিত হবে।