নীলফামারী মুক্ত দিবস পালিত
আলোচনা সভাসহ নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার নীলফামারী মুক্ত দিবস পালন করা হয়েছে। সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এসব কর্মসূচির আয়োজন করে।
দিবস উপলক্ষে গতকাল সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে জেলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এসে শেষ হয়। পরে ওই ভবনের সভাকক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, সহকারী পুলিশ সুপার জাকারিয়া রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, ডেপুটি কমান্ডার শওকত আলী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুল হক প্রমুখ বক্তৃতা করেন।
১৯৭১ সালের ১৩ ডিসেম্বর নীলফামারী হানাদারমুক্ত হয়। এই দিনে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।