নীলফামারী মুক্তিযোদ্ধা সংসদের মিছিল সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা স্বাস্থ্য বিভাগে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ এনে সিভিল সার্জনের পদত্যাগের দাবিতে মিছিল সমাবেশ ও সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করা হয়েছে। গতকাল বুধবার শহরে মুক্তিযোদ্ধা-জনতার ব্যানারে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ওই কর্মসূচিগুলো পালন করে। সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় থেকে মিছিল বের করা হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মিছিলটি চৌরঙ্গী মোড়ে গিয়ে সমাবেশে পরিণত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ডেপুটি কমান্ডার অরবিন্দু ঘোষ, সদর উপজেলা কমান্ডার সহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবদুল জলিল প্রমুখ। জয়নাল আবেদীন বলেন, সিভিল সার্জন ও নিয়োগ বোর্ডের সদস্যরা ঘুষের বিনিময়ে মুক্তিযোদ্ধা সন্তান কোটায় ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি দিয়েছেন। ফলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সন্তানেরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছে। এসব দুর্নীতিবাজকে অপসারণ ও বিচারের দাবি জানিয়ে তিনি আগামী রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি ও আগামী বুধবার জেলায় অর্ধদিবস হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দেন।অমূল্য রতন রায়, বাবুল হোসেনসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা জানান, সিভিল সার্জন তাঁদের কাছ থেকে ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত ঘুষ নিয়েছেন। কিন্তু তাঁদের সন্তানদের চাকরি দেওয়া হয়নি। সমাবেশ শেষে মুক্তিযোদ্ধারা সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করেন। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। উল্লেখ্য, জেলা স্বাস্থ্য বিভাগের ১৯টি পদে ৮২ জন কর্মচারী নিয়োগের ব্যাপারে গত ২১ মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১৩ থেকে ২৫ আগস্ট পর্যন্ত লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১১ সেপ্টেম্বর সবগুলো পদের ফল প্রকাশ করা হয়। পরের দিন ১২ সেপ্টেম্বর সিভিল সার্জনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে শহরে বিক্ষোভ মিছিল করে মুক্তিযোদ্ধা সংসদ। ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে সিভিল সার্জন বলেন, বিধি অনুযায়ীই মুক্তিযোদ্ধা কোটা পূরণ করা হয়েছে।