নীলফামারী শহরে গুদামে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী শহরের বড়বাজারে গতকাল শনিবার একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মজুত পণ্য ভস্মীভূত হলেও কেউ হতাহত হয়নি।
গুদামের মালিক জাহাঙ্গীর আলমের বড়বাজারে মেসার্স জাহাঙ্গীর স্টোর নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তিনি বলেন, গুদামে আটা, সুজি, চিপস, চানাচুর, লাচ্চা সেমাই, মসুরসহ বিভিন্ন পণ্য ছিল, যার দাম প্রায় ২০ লাখ টাকা। গতকাল ভোরে হঠাৎ করে গুদামে আগুন লাগে। মালামালের সঙ্গে একটি ভটভটিও পুড়ে গেছে। কেন আগুন লাগল তা বোঝা যাচ্ছে না।
নীলফামারী ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ টিম লিডার এনামুল হক বলেন, খবর পেয়ে ভোরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। বিড়ি অথবা সিগারেটের আগুন থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।