নীলফামারীর এক কলেজছাত্রীকে কটূক্তি ও জরিমানা করার ঘটনায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার নাসরীনের ভূমিকা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রংপুরের বিভাগীয় কমিশনারকে ঘটনা তদন্ত করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত সোমবার এ আদেশ দেন। ১৬ জানুয়ারি ‘ইউএনওর রায়ে স্নাতক ছাত্রী এখন পতিতা’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন প্রতিবেদনটি আদালতের নজরে আনে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। শুনানির পর ১৭ জানুয়ারি আদালত স্বতঃপ্রণোদিত রুল জারির পাশাপাশি ইউএনও, সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমানকে ২৩ জানুয়ারি হাজির হওয়ার নির্দেশ দেন। ইউএনওকে ওই শিক্ষার্থী ও তাঁর বাবাকে নিয়ে আসতে বলা হয়। সে অনুসারে সংশ্লিষ্ট ব্যক্তিরা গত সোমবার আদালতে হাজির হন।আদালত আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, ইউএনও কাউসার নাসরীন, লক্ষ্মীচাপ ইউপির চেয়ারম্যান ও ওই শিক্ষার্থীর বক্তব্য শোনেন।শুনানিকালে ইউএনও প্রায় দেড় ঘণ্টা আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে ইউএনও নিঃশর্ত ক্ষমা চান।