নীলফামারী স্টেশনে টিকিট বিক্রিতে নিয়ন্ত্রণ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে আন্তনগর নীলসাগর ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত চেয়ার ও বাথের টিকিট বিক্রিতে আর নিয়ন্ত্রণ রইল না। রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) রেলস্টেশনের নামে বরাদ্দকৃত আসন স্টেশনমাস্টারদের বিক্রি করার অনুমতি দিয়েছেন। গতকাল রোববার থেকে এই দুই শ্রেণির টিকিট বিক্রি করেছেন স্টেশনমাস্টাররা।

গতকাল রোববার প্রথম আলোয় ‘স্টেশনের টিকিট নিয়ন্ত্রণ করেন বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা?’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

ঈদ এলেই ঢাকাগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত চেয়ার ও বাথের টিকিট নিয়ন্ত্রণ করতেন রেলওয়ের পাকশী বিভাগের ডিসিও আহসান উল্লাহ ভূঁইয়া।

চিলাহাটির স্টেশনমাস্টার আবদুল মতিন বলেন, ‘শীতাতপনিয়ন্ত্রিত চেয়ার ও বাথের টিকিট বিক্রিতে আগে কিছু সমস্যা ছিল, এখন নেই। আজ (রোববার) সকালে ডিসিও স্যার আমাদের বলেছেন, আপনাদের টিকিট আপনারা বিক্রি করবেন।’

নীলফামারীর স্টেশনমাস্টার ওবায়দুল ইসলাম বলেন, গতকাল সকালে তাঁকে জানানো হয়েছে যে এখন থেকে কোনো টিকিট সংরক্ষণ করতে হবে না। যাত্রীরা এলেই টিকিট বিক্রি করা যাবে। তিনি জানান, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত নীলফামারী স্টেশনের জন্য বরাদ্দ সব টিকিট বিক্রি হয়ে গেছে। এখন বিক্রি চলছে ১৯ সেপ্টেম্বরের টিকিট।

এ বিষয়ে কথা বলার জন্য ডিসিও আহসান উল্লাহ ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি।