নীলফামারী ১০ ঘণ্টা বিদ্যুৎবিহীন
নীলফামারীতে বিদ্যুৎ বিভাগের (পিডিবি) কারিগরি ত্রুটির কারণে গতকাল সোমবার সকাল থেকে জেলা সদর, ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার গ্রাহকেরা প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিলেন।
গতকাল বেলা সাড়ে পাঁচটার দিকে জেলা শহরের সবুজপাড়ার বাসিন্দা মনসুর আলী ফকির বলেন, ‘সকাল ছয়টা থেকে বিদ্যুৎ ছিল না, দুপুর ১২টার দিকে বিদ্যুৎ আসলেও একটার দিকে আবার চলে যায়। এখন পর্যন্ত বিদ্যুতের দেখা নেই। এমনিতে ভাপসা গরম চলছে, তার ওপর বিদ্যুতের অভাবে পাম্প না চলায় পানির সংকট দেখা দিয়েছে।’
এ ব্যাপারে নীলফামারী পিডিবির নির্বাহী প্রকৌশলী রুবেল আহম্মেদ প্রথম আলোকে বলেন, ভোর ছয়টার দিকে সৈয়দপুর থেকে নীলফামারী ৩৩ কেভি সরবরাহ লাইনের ওপর গাছ ভেঙে পড়ায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়। সেটি সারানোর পর বেলা একটার দিকে সৈয়দপুর গ্রিডের কাছে ৩৩ কেভি সরবরাহ লাইনের আর্থওয়্যার খুলে পড়লে এ সমস্যার সৃষ্টি হয়। তবে সেটির কাজ শেষ পর্যায়ে দাবি করে বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি বলেন, ‘কারিগরি ত্রুটি সারানোর পর কিছুক্ষণের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।’
বিকেল সোয়া ছয়টার দিকে এ প্রতিবেদন লেখার সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।