নীলফামারীতে, শিবচরে নৈশপ্রহরী কৃষক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাটের শরণখোলায় দুবলারচরে জেলেদের গণপিটুনিতে রফিকুল ইসলাম ওরফে রফিক মাস্টার নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গণপিটুনিতে অপর পাঁচজন আহত হন। রফিকের বিরুদ্ধে দস্যুতার অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি বন্দুক ও তিনটি গুলি। মাদারীপুরের শিবচর উপজেলার একটি বাজারে নৈশপ্রহরী খুন ও নীলফামারীতে একজন কৃষককে খুন করা হয়েছে।আমাদের বাগেরহাট, নীলফামারী, মংলা (বাগেরহাট) ও শিবচর (মাদারীপুর) প্রতিনিধির পাঠানো খবর:বাগেরহাট: দুবলার চরের মাঝের কিল্লা এলাকায় গত মঙ্গলবার রাত ১০টার দিকে জেলেদের গণপিটুনিতে রফিক মাস্টার (৩৫) নিহত হন। আহত হন রফিকের ছোট ভাই মো. বাদল, মোরেলগঞ্জের খালকুলা গ্রামের মো. হানিফ, বলইবুনিয়া গ্রামের জুলহাস উদ্দিন, কামলা গ্রামের বাবুল সরদার ও পিরোজপুরের কচুবুনিয়া গ্রামের শহীদুল ইসলাম।কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা রাতেই জেলেদের কাছ থেকে নিহত রফিকের লাশ এবং আহত পাঁচজনকে উদ্ধার করে। গতকাল বুধবার সকালে তাঁদের শরণখোলা থানায় নিয়ে যাওয়া হয়। বিকেলে ময়নাতদন্তের জন্য রফিকের লাশ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, রফিক সুন্দরবনের একটি বনদস্যু দলের প্রধান। তাঁর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গাবগাছিয়া গ্রামে। দুবলা ফিশারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ অভিযোগ করেন, গত রবি ও সোমবার রাতে বনদস্যু নাছির বাহিনী দুবলারচর থেকে মুক্তিপণের দাবিতে ছয় জেলেকে অপহরণ করে। অপহূত ব্যক্তিদের উদ্ধারের জন্য তাঁর নেতৃত্বে দুবলা ফিশারম্যান গ্রুপের কয়েকটি দল মঙ্গলবার রাতে স্পিডবোট নিয়ে দুবলার বিভিন্ন চরে তল্লাশি শুরু করে। রাত ১০টার দিকে তাঁরা মাঝেরকিল্লা এলাকায় একটি নৌকাকে চ্যালেঞ্জ করলে ওই নৌকা থেকে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় তাঁরাও বৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে ওই নৌকা লক্ষ্য করে গুলি চালানো শুরু করেন। একপর্যায়ে ওই নৌকা থেকে রফিকসহ কয়েকজন মাঝেরকিল্লা চরে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় আশপাশের জেলেরা রফিকসহ অন্যদের আটক করে গণপিটুনি দেন। এতে হতাহতের ঘটনা ঘটে। এ সময় দুটি বন্দুক ও তিনটি গুলি উদ্ধার করা হয়। শিবচর (মাদারীপুর): স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে জয়নাল হাওলাদার (২৮) বন্দরখোলা বাজারে পাহারা দিতে আসেন। রাত একটার পর কোনো এক সময়ে ডাকাত দল জয়নালকে খুন করে। ডাকাত দল চারটি দোকানের তালা ভেঙে কম্পিউটার, নগদ টাকা, কয়েক বস্তা চাল, মুদি দোকানের মালামাল নিয়ে যায়। ভোরের দিকে জয়নালের মা রাশিদা বেগম ছেলেকে ডাকতে গেলে বাজারে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। শিবচর থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে শিবচর থানায় মামলা হয়েছে।নীলফামারী: নীলফামারী সদরের জয়চণ্ডী পুটিহাড়ী গ্রামে মঙ্গলবার রাতে সোলায়মান আলী (৬০) নামের এক কৃষককে হত্যা করা হয়েছে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোলায়মান মঙ্গলবার বিকেলের দিকে তাঁর বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ফকিরগঞ্জ বাজারে যায়। কিন্তু রাতে আর ফেরেনি। সকালে স্থানীয় লোকজন বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে তাঁর ঝুলন্ত লাশ দেখে স্বজনদের খবর দেন। নিহতের স্ত্রী রশিদা বেগম (৫০) অভিযোগ করেন, জমি নিয়ে ভাতিজাদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব ছিল। তারাই এ খুন করতে পারে। নীলফামারী সদর থানার ওসি জেড এম আসাদুজ্জামান বলেন, নিহতের মাথায় ও পায়ে গুরুতর জখমের চিহ্ন রয়েছে।