নীলফামারীতে অগ্নিকাণ্ডে দুই শতাধিক ঘর ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের সাতারুপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮৫টি পরিবারের ২২৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এই সময় অগ্নিদগ্ধ হয়ে একটি গরু, একটি ভেড়া, তিনটি ছাগল ও শতাধিক হাঁস-মুরগি মারা যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে। ইতিমধ্যে সরকারি ও ব্যক্তিগতভাবে অনেকেই তাদের সহায়তা করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ছয়টার দিকে সাতারুপাড়া গ্রামের ইলিয়াছ আলীর রান্নাঘরের পাশে পল্লী বিদ্যুতের লাইনের তারে হঠাৎ আগুন ধরে যায়। এরপর ওই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ওই গ্রামের ৮৫টি পরিবারের ২২৫টি ঘর এবং ঘরে থাকা ধান, চাল, টাকা, আসবাব পুড়ে ছাই হয়ে যায়। আধা ঘণ্টা পর নীলফামারী ও সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। স্থানীয় লোকজনের সহায়তায় তাঁরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেত আলী, সহকারী পুলিশ সুপার শফিউল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গ্রামের শাহনাজ বেগম বলেন, ‘আমি প্রথম আগুন দেখতে পেয়ে চিৎকার করি। পরে লোকজন ছুটে আসে।’ তিনি বলেন, এ গ্রামের অধিকাংশ নারী ইপিজেডের বিভিন্ন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। ওই সময় কারখানা ছুটির সময় হওয়ায় অনেকেই বাড়িতে ছিলেন না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রায় প্রত্যেকে দরিদ্র। তিনি নিজেও ইপিজেডের একটি কারখানার শ্রমিক।
ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান শাহ বলেন, গত সোমবার রাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ইউনিয়ন পরিষদের পক্ষে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২০০ করে টাকা দিয়েছেন গীতা জ্ঞান তাপস আশ্রমের পক্ষে ওই আশ্রমের কোষাধ্যক্ষ মনোরঞ্জন রায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, গতকাল বিকেলে পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার জোবায়েদুর রহমান প্রত্যেক পরিবারকে ২০ কেজি চাল, তিন কেজি মসুর ডাল, এক লিটার সয়াবিন তেল, দুটি করে সাবান দিয়েছেন।
সদরের ইউএনও সাবেত আলী বলেন, বিকেলে প্রত্যেক পরিবারকে সরকারিভাবে ৩০ কেজি করে চাল, দুটি কম্বল, একটি শাড়ি ও একটি লুঙ্গি দেওয়া হয়েছে।
নীলফামারী ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এনামুল হক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।