নীলফামারীতে অগ্নিকাণ্ডে সাতটি ঘর ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে গতকাল শুক্রবার ভোরে আগুন লেগে সাতটি ঘর পুড়ে গেছে। অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে একটি গরু ও তিনটি ছাগল। এ ছাড়া আগুন নেভাতে গিয়ে বাবা-ছেলে দুজনই আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের সমসের আলীর (৫৫) বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে গতকাল ভোর চারটার দিকে আগুনের সূত্রপাত। দ্রুত তা পাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। পাশের বাড়িটি ছিল সমসের আলীর ছেলে মেহেরুল আলীর (২৬)। আগুন নেভাতে গিয়ে বাবা-ছেলে দুজনই আহত হন। তাঁদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে ডোমার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুই পরিবারের সাতটি ঘর আসবাবপত্রসহ পুড়ে যায়। মারা যায় একটি গরু ও তিনটি ছাগল।
ডোমার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ভূপেন্দ্র নাথ বর্মণ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জলঢাকা উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় ডোমার থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিজানুর রহমান বলেন, ওই অগ্নিকাণ্ডের ঘটনায় বাবা-ছেলের পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।