নীলফামারীতে অগ্নিকাণ্ডে ২২ ঘর ছাই
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ১৩ পরিবারের ২২টি ঘর পুড়ে গেছে। গত রোববার দিবাগত রাতে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে চারটি গরুর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ছয়ঘড়িয়া গ্রামের বাসিন্দা কৃষক বাবুল হোসেনের রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ওই আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে বাবুল, সিরাজুল, লতিফুর রহমান, হাফিজুর রহমান, সেলিম চৌধুরী, মাহবুব মোর্শেদ, রশিদা বেগম, হুমায়ন কবির, আব্দুল হামিদ, লতিফুল কবির, কোহিনুর বেগম, সফি সারোয়ার ও মেহেদুল ইসলামের ২২টি ঘর, ঘরের মালামাল ও আসবাব পুড়ে যায়। এ সময় অগ্নিদগ্ধ হয়ে বাবুল হোসেনের তিনটি ও আব্দুল হামিদের একটি গরু মারা যায়। রাত একটার দিকে নীলফামারী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডে তাঁদের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কিশোরগঞ্জ উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা হতে পারে। আগুনে একটি শ্যালো ইঞ্জিন ও দুটি বাইসাইকেলও ভস্মীভূত হয়েছে।