নীলফামারীতে অগ্নিকাণ্ডে ৩৫ ঘর ছাই
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের তহশিলদারপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ১৫টি পরিবারের ৩৫টি ঘর পুড়ে গেছে। গত শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্দিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩০ কেজি চাল, আড়াই কেজি মসুর ডাল, দুটি কম্বল ও নগদ ১ হাজার ৩০০ টাকা দেন।
এলাকাবাসী জানায়, গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে তহশিলদারপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে গোলাম রব্বানী বাড়িতে টর্চলাইট চার্জ দিতে যান। এ সময় শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়লে ১৫টি পরিবারের ৩৫টি ঘর, আসবাব, ধান, চাল, আলু এবং টাকা পুড়ে ছাই হয়ে যায়। রংপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন, আগুনে তাঁদের ২০-২২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান তহশিলদারপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ৩৫টি ঘর পুড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।