নীলফামারীতে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সদর উপজেলায় ছত্রছাল গ্রামে গত বুধবার রাতে অগ্নিকাণ্ডে ১৪টি ঘর পুড়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধা মারা গেছেন। এ ছাড়া অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে তিনটি ছাগল।
অগ্নিকাণ্ডে মারা যাওয়া বৃদ্ধার নাম আমিনা বেওয়া (৭০)। তিনি ছত্রছাল গ্রামের মৃত আব্দুল হামিদের স্ত্রী।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে আমিনা বেওয়ার ঘরে মশার কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি পরিবারের ১৪টি ঘর, ঘরে রক্ষিত আসবাব ও মালামাল পুড়ে যায়। এ সময় তিনটি ছাগল ও অর্ধশতাধিক হাঁস-মুরগি মারা যায়। নীলফামারী ফায়ার সার্ভিসের কর্মীরা রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস নীলফামারী স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে তিনটায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আমেনা বেওয়াকে বাঁচানো সম্ভব হয়নি।
নীলফামারী সদর থানার ওসি মো. শাহজাহান পাশা বলেন, আমেনা বেওয়া পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় ঘর থেকে বের হতে পারেননি। এ কারণে তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।