নীলফামারীতে অর্ধশতাধিক ঘর ছাই, শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে গত সোমবার পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ২৩টি পরিবারের অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে এক শিশু। এ ঘটনায় ছয়টি গরু ও পাঁচটি ছাগলও মারা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত নয়টার দিকে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বড়ুয়া বেড়াকুঠি বখশিপাড়া গ্রামের দিনমজুর আবদুল আলিমের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ১৫টি পরিবারের প্রায় ৩০টি ঘর ও আসবাবপত্র পুড়ে যায়। মারা যায় তিনটি গরু ও পাঁচটি ছাগল।

সোনারায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান শাহ জানান, আগুনে আবদুল আলিমের ছেলে রিফাত হোসেন (৫) ও নাঈম (৩) অগ্নিদগ্ধ হয়। তাদের প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রিফাত মারা যায়। একই দিন রাত সাড়ে ১১টার দিকে ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের মধুপাড়া গ্রামে আবদুল মান্নানের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে  আটটি পরিবারের প্রায় ২০টি ঘর, ঘরে রক্ষিত মালামাল পুড়ে যায়। এ সময় অগ্নিদগ্ধ হয়ে তিনটি গরু মারা যায়। গোমনাতী ইউপির চেয়ারম্যান ইউনুছ আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।