নীলফামারীতে আগাম আলু চাষ করে কৃষক লাভবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে আগাম জাতের আলু উঠতে শুরু করেছে। আগাম আলু চাষ করে দাম বেশি পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা।নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এখন আলু তোলার ধুম পড়েছে। গত সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকার আলুখেত ঘুরে দেখা গেছে, কেউ আলু তুলছেন, কেউ খেতের পরিচর্যা করছেন। আবার কেউ কেউ এখনো আলু লাগাতে ব্যস্ত।এলাকাবাসী জানান, প্রায় এক সপ্তাহ ধরে এখানে আগাম আলু তোলা শুরু হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এসে এখানের আলু ট্রাকে করে নিয়ে যাচ্ছেন।পুটিমারী গ্রামের আলুচাষি জিতেন্দ্র নাথ রায় জানান, এবার তিনি দুই বিঘা জমিতে আগাম আলু চাষ করেছেন। প্রতি বিঘায় খরচ হয়েছে ২০ হাজার টাকা। এখন এক বিঘা জমির আলু বিক্রি করে তাঁর লাভ হচ্ছে ২২ হাজার টাকা।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপসহকারী কৃষি কর্মকর্তা মহসীন রেজা জানান, এ বছর জেলায় ২০ হাজার হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা চার লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে। এর মধ্যে আগাম জাতের আলুর চাষ হয়েছে ১০ হাজার হেক্টরে।