নীলফামারীতে আগাম জাতের ধান কাটা-মাড়াই শুরু

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আগাম জাতের আমন ধান কাটা-মাড়াইয়ের কাজ শুরু হয়েছে। ধান কাটার পর একই জমিতে আগাম জাতের আলু আবাদের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা।
গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে আগাম জাতের এই ধান কাটা-মাড়াইয়ের দৃশ্য চোখে পড়ে।
দুপুরে পুটিমারী ইউনিয়নের পুটিমারী গ্রামে গিয়ে দেখা যায়, ধান কাটা-মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর গ্রামের কৃষক মো. দুলাল হোসেন (৪৫) ও তাঁর স্ত্রী মিন্দুরবী বেগম। তাঁরা যে জমির ধান কাটছেন সেখানে পলিথিন বিছিয়ে মাড়াইয়ের কাজ সারছেন।
এ সময় দুলাল হোসেন বলেন, ‘এখানে আমি ২২ শতাংশ জমিতে আগাম জাতের চায়না ধান আবাদ করেছি। প্রায় চার বছর ধরে আমি আগাম জাতের এই ধান কাটার পর একই জমিতে আগাম জাতের আলু চাষ করি। এতে ধান ও আলু দুটোরই ফলন ও দাম ভালো পাওয়া যায়। এবারও ধানের ফলন ভালো হয়েছে, ধান কাটা শেষ হলে আলু আবাদের জন্য জমিতে চাষ দিব। আগামী ১৫ দিনের মধ্যে আলু লাগানোর কাজ শুরু করব।’
দুলাল হোসেন বলেন, ‘দুজন কামলার সঙ্গে আমরা স্বামী-স্ত্রী দুজনে কাজ করি। এতে আমাদের উৎপাদন খরচও কম হয়।’
দুলালের স্ত্রী মিন্দুরবী বেগম বলেন, আগাম ধান ওঠার কারণে ঘরে খাওয়ার সমস্যা থাকে না। তার ওপর আগাম আলু চাষ করে আলুরও দাম ভালো পাওয়া যায়। তাতে করে অভাবের সময়ে খাওয়ার অভাব থাকে না।
একই গ্রামের কৃষক বলরাম চন্দ্র রায় (৫০) এবার ৩৭ শতাংশ জমিতে চায়না জাতের আগাম আমন ধান চাষ করেছেন। তিনি বলেন, ‘এইটা হামার ফাউ আবাদ, এইলা জমিত হামরা আগাম আলু আবাদ করি, আগাম আলু আবাদ করার জইন্য জমি ফেলে থুবার নাগে, ধান কাটি আগাম আলু করা যায় না। কিন্তু এই ধান আবাদ করি ধানও পাওয়া যায়, আগাম আলুও গারা যায়।’
পুটিমারী ইউনিয়নের শ্মশানের বাজার গ্রামের আবির হোসেন দেড় বিঘা জমির আগাম জাতের ধান কাটার পর একই জমিতে আলু চাষের জন্য জমি তৈরি করেছেন। তিনি বলেন, আগে আগাম জাতের আলু চাষ করার জন্য জমি ফেলে রাখতে হতো। এখন আগাম জাতের চায়না ও হাইব্রিড ধান আসায় জমি ফেলে রাখতে হয় না। তা ছাড়া, ধান আবাদের পর আগাম আলু চাষ করলে ওই জমিতে আলুর ফলনও ভালো হয়।
কৃষকেরা বলেন, আগাম জাতের আলু সাধারণত উঁচু জমিতে চাষ করা হয়। এ বছর বন্যায় নিচু জমির ধান কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও উঁচু জমির আগাম জাতের ধানের ফলন অন্যান্য বছরের তুলনায় ভালো হয়েছে।
কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. এনামুল হক বলেন, উপজেলায় এবার ১৪ হাজার ৭৬০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। বন্যায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ২০০ হেক্টর জমি। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতি হয়েছে ২০ হেক্টর জমির ফসল। উপজেলায় আগাম জাতের চায়না ও উচ্চ ফলনশীল ধান আবাদ হয়েছে সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে। ৪ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ৪০ হেক্টর জমির আগাম জাতের ধান কাটা হয়েছে। বিঘায় ফলন হয়েছে ১৫-১৬ মণ।