নীলফামারীতে আগুনে সাত ঘর পুড়ে ছাই
নীলফামারী জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নে আগুন লেগে তিনটি পরিবারের সাতটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। উত্তর বালাপাড়া গ্রামের অধিকারীপাড়ায় গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ধারণা, চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কিন্তু ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বাইরে থেকে এ আগুন লাগানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে উত্তর বালাপাড়া গ্রামের ননীবালার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ননীবালাসহ তিন পরিবারের সাতটি ঘর ভস্মীভূত হয়। রাত নয়টার দিকে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন থেকে বাঁচাতে প্রতিবেশী ললিতা অধিকারীর দুটি ঘর ও উমাপদ অধিকারীর একটি ঘর তাৎক্ষণিকভাবে ভেঙে সরিয়ে নেওয়া হয়।
ননীবালা বলেন, প্রতিদিন দুপুরেই তিনি রান্নার কাজ শেষ করে ফেলেন। মঙ্গলবার রাতে তিনি পাশের বাড়িতে টেলিভিশন দেখছিলেন। হঠাৎ চিৎকার শুনে বেরিয়ে দেখেন তাঁর রান্নাঘরে আগুন। তিনি দাবি করেন, তাঁর রান্নাঘরে বিদ্যুৎ নেই। চুলাও জ্বালানো ছিল না।
প্রতিবেশী পাকেরহাট ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ উমাপদ অধিকারী বলেন, ননীবালার রান্নাঘরে লাগা আগুনের লেলিহান শিখা দেখে মনে হচ্ছে, কোনো দাহ্য পদার্থ দিয়ে এ আগুন লাগানো হতে পারে।
নীলফামারী ফায়ার সার্ভিসের দলনেতা ফরহাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলা থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছে। সেখানে তিনটি পরিবারের সাতটি ঘর পুড়ে গেছে।
কুন্দুপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করা হচ্ছে। এটা উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হবে।