নীলফামারীতে আগুনে ১৭ পরিবারের ৩৫টি ঘর ভস্মীভূত
নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নের ট্যাংনারগড় গ্রামে গত রোববার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ১৭ পরিবারের ৩৫টি ঘর ভস্মীভূত হয়েছে। আগুনে পুড়ে মারা গেছে তিনটি ছাগল।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ছয়টার দিকে গ্রামের বাসিন্দা সহিদার রহমানের শোবার ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ৩৫টি ঘর ভস্মীভূত হয়। খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইব্রাহিম আলী (৫৫) বলেন, ‘আগুনে আমার আটটি ঘর, ধান, চাল, নগদ টাকা—সব পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া আমার দুটি আর সহিদারের একটা ছাগল পুড়ে মারা গেছে।’
নীলফামারী ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পক্ষ থেকে একটি করে শাড়ি ও কম্বল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সদর উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৩০০ টাকা করে বিতরণ করা হয়। চেয়ারম্যান আবুজার রহমান ক্ষতিগ্রস্ত লোকদের মাঝে এসব সামগ্রী ও টাকা বিতরণ করেন।
আবুজার রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সংস্কৃতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে এসব বিতরণের নির্দেশ দিয়েছেন। পরে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের গৃহনির্মাণসহ যাবতীয় সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।