নীলফামারীতে আজ পরিবহন ধর্মঘট
নীলফামারী জেলায় আজ রোববার ১২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জেলায় ধর্মঘট পালন করা হবে।
শহরের চৌরঙ্গী মোড়ে গতকাল শনিবার দুপুরে এক মানববন্ধন শেষে এক সমাবেশে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। জেলা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী এ সমাবেশে সভাপতিত্ব করেন।
প্রধান সড়ক থেকে নছিমন, করিমন, ভটভটি, ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা বন্ধের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে। ধর্মঘট চলাকালে জেলার অভ্যন্তরীণ ১৮টি রুটসহ দূরপাল্লার সব যানবাহন চলাচল বন্ধ থাকবে।
সমাবেশে বক্তারা বলেন, মহাসড়কে নিবন্ধনহীন তিন চাকার অবৈধ যানবাহন অবাধে চলাচল করছে। ফলে ভারী যানবাহন চলাচলে নানা দুর্ঘটনা ঘটছে।
পরিষদের সদস্যসচিব শামসুল হক বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের আন্দোলনের কারণে সরকার দেশের মহাসড়ক থেকে এসব যান চলাচল বন্ধ ঘোষণা করলেও জেলা ও উপজেলা প্রশাসনের উদাসীনতার কারণে তা বাস্তবায়ন হচ্ছে না। এ ব্যাপারে গত ১৪ অক্টোবর নীলফামারী জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাই রোববার ১২ ঘণ্টার ধর্মঘট ডাকা হয়েছে। এরপরও দাবি মানা না হলে অনির্দিষ্টকালে জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সহসভাপতি শহিদ হোসেন, শ্রমিক ইউনিয়নের নীলফামারী উপকমিটির সভাপতি দেওয়ান মুজিবুদ্দৌলা প্রমুখ।
জেলা প্রশাসক মো. জাকীর হোসেন বলেন, অবৈধ যানবাহন বন্ধে তাঁদের কার্যক্রম অব্যাহত আছে। এ বিষয়ে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে তাঁর কথা হয়েছে। এরপর ধর্মঘট ডাকার কোনো কারণ নেই।