নীলফামারীতে আবারও শুরু প্রথম আলো ক্রিকেট লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল ‘প্রথম আলো’ ক্রিকেট লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এরশাদ আহসান  হাবিব। নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে তোলা ছবি l প্রথম আলো
নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল ‘প্রথম আলো’ ক্রিকেট লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এরশাদ আহসান হাবিব। নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে তোলা ছবি l প্রথম আলো

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথম আলোর পৃষ্ঠপোষকতায় নীলফামারীতে আবারও শুরু হয়েছে ‘প্রথম আলো ক্রিকেট লিগ’। গতকাল রোববার সকালে নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে লিগের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ জে এম এরশাদ আহসান হাবিব।
নীলফামারীর নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমি গতকালের উদ্বোধনী খেলায় সৈয়দপুরের অভিযাত্রা যুব সংঘ ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে।
উদ্বোধনী বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহসান হাবিব বলেন, এখন ক্রিকেটে বাংলাদেশ অনেক এগিয়েছে। খেলাধুলার মান আরও বাড়াতে হলে জেলা পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে হবে। কঠোর অনুশীলন করতে হবে। ২০১১ সাল থেকে নীলফামারীতে প্রথম আলো ক্রিকেট লিগ অব্যাহত থাকায় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তিনি প্রথম আলো কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সভাপতি বঙ্কু বিহারী রায়, সদস্য শাবাহাত আলী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মীর আজিজুল হাকিম দাদু ভাই প্রমুখ।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, প্রথম আলোর পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২০১১ সাল থেকে নীলফামারীতে প্রথম আলো ক্রিকেট লিগ ও প্রথম আলো ভলিবল অনুষ্ঠিত হয়ে আসছে। এবার প্রথম আলো ক্রিকেট লিগে জেলার ১০টি ক্রিকেট ক্লাব অংশ নিয়েছে। নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে প্রতিদিন নির্ধারিত ৪০ ওভারের একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।