নীলফামারীতে আরও এক জেএমবি সদস্য গ্রেপ্তার
নীলফামারীতে আব্বাস আলী (৬৫) নামের আরও এক জেএমবির সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত বুধবার রাত নয়টার দিকে শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আব্বাস আলীর বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার পূর্ব বাশুলী গ্রামে। এ নিয়ে গত আট দিনে নীলফামারীতে পাঁচ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আব্বাস আলীকে গতকাল বৃহস্পতিবার বিকেলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আয়শা সিদ্দিকার আদালতে হাজির করে পুলিশ। সেখানে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড শেষে তাঁকে কারাগারে পাঠান আদালত।
এদিকে জেএমবির সদস্য দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীপুর গ্রামের আবদুস সবুরকে গত ২৮ এপ্রিল নীলফামারী থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যমতে, ৩০ এপ্রিল নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের কিত্তনিয়াপাড়া গ্রামের আবদুর রহমান (২৫), পলাশবাড়ী ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামের মাসুদার রহমান (৪২) ও তাঁর ছোট ভাই মোশাররফ হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়। মাসুদার রহমান ও মোশাররফ হোসেনকে (৩৮) তিন দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে তাঁদেরও কারাগারে পাঠানো হয়।
নীলফামারী ডিবি পুলিশের ওসি বাবুল আকতার বলেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধঘোষিত জেএমবির সদস্যরা গোপনে সংঘবদ্ধ হয়ে নীলফামারীতে পুলিশ, বিচারক, পীর, খাদেমসহ ভিন্ন ধর্মাবলম্বীদের হত্যার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেএমবির ওই পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে ডিবি পুলিশের উপপরিদর্শক এরশাদ হোসেন বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন।