নীলফামারীতে আরও ৮ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলায় নতুন করে আরও আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৯৫ জনে। আজ রোববার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন শনাক্তদের মধ্যে নীলফামারী সদর উপজেলার দুজন, জলঢাকার স্বামী-স্ত্রীসহ চারজন, সৈয়দপুর উপজেলার এক ও ডোমার উপজেলার একজন রয়েছেন। আক্রান্তদের মধ্যে চারজন নারী ও চারজন পুরুষ।

জেলার সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন জানান, দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষার প্রতিবেদনে নতুন করে আটজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৯৫। এর মধ্যে মারা গেছেন ৬ জন। আর সুস্থ হয়েছেন ১৪৩ জন।