নীলফামারীতে আলু নিয়ে বিপাকে কৃষক
তীব্র শৈত্যপ্রবাহ ও প্রতিকূল আবহাওয়ার পরও এ বছর নীলফামারীতে আলুর বাম্পার ফলন হয়েছে। কিন্তু বাজারে দাম না থাকায় আলু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। ক্রেতার অভাবে বাকিতে আলু বিক্রি করেও উৎপাদন খরচ উঠছে না তাঁদের।
আলুচাষিরা জানান, সম্প্রতি টানা হরতাল ও অবরোধের জন্য জমি থেকে আলু না তুলে জমিতেই রেখে দেন কৃষকেরা। তবে হরতাল-অবরোধের বিড়ম্বনা আপাতত বন্ধ হলেও আলুর সরবরাহ বাড়ায় ক্রেতার অভাবে বিপাকে পড়েছেন তাঁরা। গত বছর প্রতি কেজি আলু ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হলেও এ বছর কৃষকদের বিক্রি করতে হচ্ছে পানির দামে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, গত কয়েক বছরের তুলনায় এ বছর নীলফামারীতে আলুর আবাদ বেশি হয়েছে। ১৮ হাজার ৮৬৯ হেক্টর জমিতে এ বছর উৎপাদিত হয়েছে তিন লাখ ৭০ হাজার ৯৪৭ মেট্রিক টন আলু। ২০১৩ মৌসুমে ২০ হাজার হেক্টরে তিন লাখ ৪৮ হাজার ৭৭৫ মেট্রিক টন ও ২০১২ মৌসুমে ১৮ হাজার ১৫০ হেক্টরে দুই লাখ ৮০ হাজার ৯৬৭ মেট্রিক টন আলু হয়েছে।
ডোমার উপজেলার খাটুরিয়া গ্রামের আলুচাষি সাহিদ হোসেন জানান, তিনি এ বছর ৩০ বিঘা জমিতে আলু চাষ করেছেন। অবরোধের কারণে তিনি এত দিন আলু তোলেননি। অবরোধ বন্ধ হলেও এখন আবার আলুর দাম পড়ে গেছে। এখন ক্রেতার অভাবে নামমাত্র দামে আলু বিক্রি করতে হচ্ছে, তাও আবার বাকিতে। প্রতি বিঘা আলু চাষে তাঁর খরচ হয়েছে গড়ে ১২ হাজার টাকা। বিঘায় গড়ে ফলন হয়েছে ২৫ বস্তা আলু। এখন বাকিতে প্রতি বস্তা (৮৮ কেজি) সাদা আলু ১৫০ টাকা ও লাল আলু ৩৩০ টাকায় বিক্রি করতে হচ্ছে।
নীলফামারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলুচাষি আতিয়ার রহমান এ বছর আলু আবাদ করেছেন চার বিঘা জমিতে। মোট ৪০ হাজার টাকা খরচ হয়েছে। তিনি এখন খরচের টাকা ওঠা নিয়ে দুশ্চিন্তায় আছেন। তিনি জানান, নীলফামারীর উৎপাদিত আলু ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন বাজারে যায়। কিন্তু অবরোধের সময় তাঁরা আগাম আলু তুলতে না পারায় এখন তাঁদের নামমাত্র দামে সেই আলু স্থানীয় বাজারে বিক্রি করতে হচ্ছে।
সদর উপজেলার টুপামারী দুহুলী গ্রামের আলুচাষি শফিকুল ইসলাম জানান, কৃষকেরা এমন দুরবস্থায় পড়লে আগামীবার আলু আবাদ করবেন কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। তবে কৃষকদের ক্ষতির কথা স্বীকার করে নীলফামারী কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা জানান, আগাম জাতের ৫০ দিনের আলু ৯০ দিনও রয়েছে জমিতে। বাজারে দাম না থাকায় কৃষকেরা জমি থেকে আলু ওঠাতে চাইছেন না।