নীলফামারীতে ইউরিয়া তুলছেন না ব্যবসায়ীরা
পার্বতীপুরের বাফার গুদাম থেকে নিম্নমানের ইউরিয়া সরবরাহ বন্ধ করার দাবিসহ তিন দফা দাবিতে গত মঙ্গলবার থেকে ইউরিয়া উত্তোলন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন নীলফামারীর সার ব্যবসায়ীরা।ব্যবসায়ীদের দাবি, পার্বতীপুর বাফার গুদামে চীন থেকে আমদানি করা নিম্নমানের ইউরিয়া সরবরাহ দেওয়ায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ওই গুদাম থেকে নিম্নমানের ইউরিয়া সরবরাহ বন্ধ, নীলফামারীতে বাফার গুদাম স্থাপন এবং যমুনা সার কারখানা থেকে নীলফামারীর ব্যবসায়ীদের ইউরিয়া সরবরাহ দেওয়ার দাবিতে ব্যবসায়ীরা কর্মসূচি ঘোষণা করেন।জেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি আ. ওয়াহেদ সরকার বলেন, ‘সোমবার রাতে জেলা সার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ব্যবসায়ীরা বসে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হই। বুধবার পর্যন্ত দাবি আদায় না হওয়ায় কর্মসূচি অব্যাহত আছে।’ ব্যবসায়ীদের এ সিদ্ধান্তের কারণে চলতি ভরা রোপা আমন মৌসুমে সারসংকট দেখা দিতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন।