নীলফামারীতে কারখানায় আগুন, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা সদরে অবস্থিত উত্তরা ইপিজেডের অভ্যন্তরে এভারগ্রীন প্রোডাকস ফ্যাক্টরি বিডি লিমিটেড নামের একটি পরচুলা তৈরির কারখানায় আগুন লেগে ছয় শ্রমিক আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা সোয়া ১১টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় কারখানা থেকে দ্রুত বেরিয়ে আসতে গিয়ে ওই শ্রমিকেরা আহত হন।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার শ্রমিকেরা বলেন, বেলা সোয়া ১১টার দিকে কারখানার দ্বিতীয় তলার বিডি ৩-এ নম্বর কক্ষে আগুনের সূত্রপাত হলে ছয় জন শ্রমিক আহত হন। ওই কক্ষে বৈদ্যুতিক তাপের মাধ্যমে পরচুলা শুকানো হয় বলে জানান তাঁরা।
কারখানার উপমহাব্যবস্থাপক সুব্রত সরকার বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে শ্রমিকদের প্রশিক্ষণ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে দমকল বাহিনীর ইপিজেডের তিনটি ও নীলফামারীর একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার পর ইপিজেডের অভ্যন্তরে থাকা তাঁদের পাঁচটি কারখানার শ্রমিকদের গতকাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়।