নীলফামারীতে কাল বিভাগীয় খেতমজুর সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং তিস্তা সেচ প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের দাবিতে কাল রোববার রংপুর বিভাগীয় খেতমজুর সমাবেশ অনুষ্ঠিত হবে৷ নীলফামারী শহীদ মিনারে সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
বিভাগীয় সমাবেশে সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু জাফর আহমেদ প্রধান অতিথি এবং বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন৷
গতকাল শুক্রবার দুপুরে নীলফামারী শহরের কালিবাড়ী মোড়ে সিপিবির অস্থায়ী জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিপিবি-বাসদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়৷ লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবির জেলা সভাপতি শ্রীদাম দাস। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নীলফামারী জেলা কমিটির আহ্বায়ক ইউনুস আলী, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াহেদ পারভেজ, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ফ্রন্টের আহ্বায়ক আবদুল কুদ্দুস, ক্ষেতমজুর সমিতির মোস্তাক আহমেদ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক গৌতম রায় বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, সেচ প্রকল্পে পানি না থাকায় কৃষকেরা জমিতে পানি দিতে পারেননি। বোরো ধানে চিটা হওয়ায় ফলন কমে উৎপাদন হবে মাত্র তিন ভাগের এক ভাগ। গভীর নলকূপ বসিয়ে সেচ দেওয়ায় একরপ্রতি ছয় হাজার টাকা বাড়তি খরচ হয়েছে কৃষকদের। এভাবে ৮০ হাজার হেক্টরে বাড়তি ব্যয় হয়েছে ১১০ কোটি টাকা। সেচের বাড়তি খরচ এবং উৎপাদন কম হওয়ায় তিস্তা সেচ প্রকল্পে চলতি মৌসুমে কৃষকের ক্ষতি হয়েছে ৫৩৮ কোটি টাকা। শুধু তা-ই নয়, তিস্তা নদীতে পানি না থাকায় ৫০ হাজার জেলে বেকার হয়ে পথে বসেছেন।