নীলফামারীতে খুদে কবিদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১৫ হাজার ধারণক্ষমতার নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর কানায় কানায় পূর্ণ। সামনের সারিতে বসে আছে স্কুলের শিক্ষার্থীরা। মাঠ উপচে অভিভাবকেরা রাস্তায়। ভিশন ২০২১ নীলফামারী নামের একটি সংগঠন এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছেলেমেয়েদের মধ্যে আয়োজন করেছিল ছড়া ও কবিতা লেখার প্রতিযোগিতা।

সংগঠনের প্রধান সমন্বয়ক ওয়াদুদ রহমান জানান, জেলার ৩৩৫টি বিদ্যালয়ের মোট ১৮ হাজার ৪২১ জন শিক্ষার্থী জমা দিয়েছিল তাদের স্বরচিত ছড়া-কবিতা। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয় সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘গতবার (২০১৫ সালে) আমরা ১৬ হাজার খুদে কবি পেয়েছিলাম, এবার তা বেড়ে সাড়ে ১৮ হাজার হয়েছে। আগামী দিনে আমাদের খুদে কবির সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যাবে।’

আসাদুজ্জামান নূর আরও বলেন, কথাসাহিত্যিক আনিসুল হক কিশোর আলোয় লিখেছেন, নীলফামারীতে ১৬ হাজার কবি।

আসাদুজ্জামান নূর অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘শিশুদের তাদের মতো করে বড় হতে দিতে হবে। সে যেটা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা তাকে তার মতো করে করতে দিতে হবে। সবাই লেখাপড়া করবে, সবাই উন্নত সুন্দর জীবন যাপন করবে; যেখানে থাকবে নাটক, কবিতা, খেলাধুলা। সবাই মিলে আমরা একটা চমৎকার বাংলাদেশ গড়ে তুলতে চাই।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কবি সাজ্জাদ শরিফ, ছড়াকার আলম তালুকদার, শিশুসাহিত্যিক আখতার হুসেন, কবি আসলাম সানী, শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া, অভিনেতা মোশারফ করিম প্রমুখ। এ ছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এ বি এম আতিকুর রহমান, পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, জাদুশিল্পী অনিক, তিসা প্রমুখ।

প্রতিযোগিতায় জমা পড়া ১৮ হাজার ৪২১টি ছড়া-কবিতা থেকে বাছাই করা ৪১৪টি লেখা নিয়ে প্রকাশিত ‘আমার সোনার বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

সাজ্জাদ শরিফ তাঁর বক্তব্যে বলেন, ‘দেশ-বিদেশে বহু সম্মেলনে গেছি, কিন্তু নীলফামারীর মতো একসঙ্গে এত কবির সমাগম আমি কোথাও দেখিনি। কবিতা-ছড়া লিখে এই খুদে কবিরা নিজেদের সমৃদ্ধ করেছে।’

শিশু কথাসাহিত্যিক ও ছড়াকার আখতার হুসেন বলেন, শিশুরা অকৃত্রিম মানুষ। তারা যত লিখবে, পড়বে, তারা ততই অকৃত্রিম মানুষে পরিণত হবে। তাদের কৃত্রিম মানুষ বানানো যাবে না।

নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘আমি স্বপ্ন দেখি, কিন্তু বাস্তবায়ন হয় না। এখানে এসে দেখলাম, শিশুরা স্বপ্ন বাস্তবায়ন করেছে। তারা কবিতা, ছড়া লিখছে, অভিভাবকেরা তাদের সঙ্গে তাল মেলাচ্ছেন। এভাবে যুক্ত থাকলে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠবে তারা।’

জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বেচ্ছাসেবী সংগঠন ভিশন ২০২১ নীলফামারীর প্রধান সমন্বয়ক ওয়াদুদ রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসেল আমিন ও মাসুদ সরকার।