নীলফামারীতে গৃহবধূ খুন, স্বামী গ্রেপ্তার
নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের রূপাহারা গ্রামে গতকাল বুধবার ভোরে লুৎফা বেগম (৩০) নামের একজন গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গৃহবধূর স্বামী দুলাল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে। গৃহবধূর ভাই ইউনুছ আলী এ ব্যাপারে একটি মামলা করেছেন।এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, প্রায় আড়াই বছর আগে বালাপাড়া ইউনিয়নের রূপাহারা গ্রামের দুলাল ইসলামের সঙ্গে নিজ সুন্দরখাতা গ্রামের আবুল কাশেমের মেয়ে লুৎফা বেগমের দ্বিতীয় বিয়ে হয়। লুৎফার সঙ্গে তাঁর প্রথম স্বামীর যোগাযোগ রয়েছে, এমন অভিযোগ তুলে দুলাল লুৎফাকে প্রায়ই মারধর করতেন।গতকাল ভোরে শোবার ঘরেই দুলাল ধারালো অস্ত্র দিয়ে লুৎফাকে কুপিয়ে হত্যার পর ভ্যানে করে লাশ ডিমলা হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে এবং দুলাল ইসলামকে গ্রেপ্তার করে। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুদ্দিন বলেন, দুলালকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।