নীলফামারীতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ
২০ হাজার টাকা যৌতুক না পেয়ে নীলফামারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূ রোকসানা বেগমকে (২৩) আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারী পৌরসভার হাড়োয়া মিশন এলাকার আল আমিনের মেয়ে রোকসানা বেগমের সঙ্গে প্রায় আড়াই বছর আগে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের হাতীবান্ধা মোড় এলাকার হবিবর রহমানের ছেলে জোনাব আলীর বিয়ে হয়। রোকসানার বাবা আল আমিন অভিযোগ করেন, বিয়েতে যৌতুক হিসেবে ৪০ হাজার টাকা ঠিক করে ২০ হাজার টাকা বরপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়। বাকি ২০ হাজার টাকা পরিশোধ না করায় ওই টাকার জন্য প্রায়ই তাঁর মেয়েকে নির্যাতন করা হতো। গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় রোকসানার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসকের পরামর্শে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি জানান, রোকসানার দেড় বছরের বয়সের একটি ছেলে রয়েছে ও চার মাসের অন্তঃসত্ত্বা ছিল। এলাকাবাসী জানান, রোকসানার স্বামী জোনাব আলী হাতীবান্ধা এলাকায় একটি সারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। রোকসানার মৃত্যুর পর থেকে তাঁর পরিবারের লোকজনসহ তিনি পলাতক আছেন। নীলফামারীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেদ জানান, রংপুরে লাশের ময়নাতদন্ত হয়েছে, তদন্ত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।