নীলফামারীতে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী পৌরসভা মাঠে গত বৃহস্পতিবার জেলা পর্যায়ের এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকীর হোসেন।
গ্রামীণ খেলাধুলাকে জনপ্রিয় করার প্রত্যয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় জেলা প্রশাসন এর আয়োজন করে। অনুষ্ঠানে ছয় ধরনের খেলা অনুষ্ঠিত হয়। এর মধ্যে দাঁড়িয়াবান্ধায় ডোমার উপজেলা দলকে হারিয়ে ডিমলা উপজেলা দল এবং হাডুডুতে জলঢাকা উপজেলা দলকে হারিয়ে সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়। এ ছাড়া তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠা প্রতিযোগিতায় সদর উপজেলার লিটন ইসলাম, মোরগ লড়াইয়ে ডিমলার আশরাফুল ইসলাম, দড়ি খেলায় (স্কিপিং) সদর উপজেলার গোলাপী আক্তার এবং বিস্কুট দৌড়ে সৈয়দপুরের শরিফুল ইসলাম চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেন।
সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এ এম রফিকুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেত আলী, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আরিফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রাসেল আমিন।
এদিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় বৃহস্পতিবার বিকেলে আলতাফ আলী উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তালোড়া এফসি ক্লাব ৫-৪ গোলে তালোড়া হলপট্টি খেলোয়াড় কল্যাণ সমিতিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
তালোড়া মুক্তাগাছা আদর্শ যুব সংঘের উদ্যোগে এ টুর্নামেন্টে আটটি দল অংশ নেয়। খেলা পরিচালনা করেন রিপন, শিপন ও আবদুল ওহাব।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাশরাফি হিরো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব সংঘের সভাপতি হারুনুর রশিদ।