নীলফামারীতে চিকিৎসকদের কর্মবিরতি
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শামীম কবিরকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে জেলার সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের কর্মবিরতির কর্মসূচি অব্যাহত রয়েছে। গতকাল শনিবারসহ তিন দিন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ডাকে চিকিৎসকেরা এ কর্মসূচি পালন করছে। বিএমএর নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধুরী জানান, সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত আজ রোববারও এই কর্মসূচি চলবে।একই দাবিতে চিকিৎসকেরা গত বুধ ও বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছিলেন। এ কর্মসূচির কারণে জেলা সদর, কিশোরগঞ্জ, ডোমার, ডিমলা, জলঢাকা ও সৈয়দপুর উপজেলার সরকারি হাসপাতালগুলোর বহির্বিভাগে কোনো রোগী চিকিৎসা না পেয়ে ভোগান্তি পোহাচ্ছে। তবে জরুরি বিভাগ ও ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীদের কর্মবিরতির আওতামুক্ত রাখা হয়েছে।বিএমএ জেলা শাখার সভাপতি মমতাজুল ইসলাম অভিযোগ করেন, ৮ অক্টোবর রাত ১১টার দিকে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম আজমসহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে আবাসিক চিকিৎসা কর্মকর্তা শামীম কবিরকে মারধর করেন রণচণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রলীগ ইউনিয়ন কমিটির সভাপতি মোখলেছুর রহমান। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হলেও পুলিশ তা শনিবার বিকেল পর্যন্ত মামলা হিসেবে নথিভুক্ত করেনি। তিনি বলেন, ‘আমরা দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করছি। রোববারের মধ্যে দাবি মানা না হলে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।’