নীলফামারীতে ছাত্র বাসশ্রমিক সংঘর্ষ আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাড়া নিয়ে বচসার জের ধরে নীলফামারী শহরের আনন্দবাবুর পুল বাসস্ট্যান্ডে গতকাল রোববার নীলফামারী সরকারি কলেজের ছাত্রদের সঙ্গে বাসশ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়। ছাত্ররা একটি বাস ও কাউন্টার ভাঙচুর করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার সকালে রংপুর থেকে ছেড়ে আসা তানভীর পরিবহনের একটি বাসে জলঢাকা উপজেলার ট্যাঙ্গনমারী থেকে নীলফামারী সরকারি কলেজের চারজন ছাত্র ওঠে। এ সময় ভাড়া ৪৮ টাকা হলেও ছাত্ররা ২০ টাকা দিতে চায়। এ নিয়ে সুপারভাইজারের সঙ্গে তাদের বচসার একপর্যায়ে হাতাহাতি হয়। তারা কলেজে ফিরে গিয়ে বিষয়টি অন্য ছাত্রদের জানায়। পরে ছাত্ররা সংঘবদ্ধ হয়ে শহরের আনন্দবাবুর পুল বাসস্টান্ডে এসে তানভীর পরিবহনের অন্য একটি বাস ও একটি কাউন্টার ভাঙচুর করে। শেষে বাসশ্রমিক ও ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। জেলা বাসমালিক সমিতির সভাপতি শাহজাহান আলী চৌধুরী বলেন, ছাত্ররা হাফ ভাড়া দিতে চায় কিন্তু হাফ ভাড়া দেওয়ার কোনো নিয়ম নেই।