নীলফামারীতে ছাত্রদলের অনুষ্ঠানে ইটপাটকেল নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।গতকাল মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা তুলে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে বেলা ১১টার দিকে শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা বিএনপির কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব শামসুজ্জামান। জেলা ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ আযমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম, মোস্তফা হক প্রধান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন প্রমুখ। সমাবেশ চলার সময় কে বা কারা সমাবেশস্থলে অতর্কিতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে সেখানে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) জুলফিকার কবির জানান, সমাবেশস্থলে কে বা কারা অতর্কিতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে উত্তেজনা দেখা দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, এটা তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হয়েছে।