নীলফামারী জেলা সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের উত্তর চওড়া বড়গাছা স্কুল অ্যান্ড কলেজে অফিস সহকারী পদে লোক নিয়োগকে কেন্দ্র করে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনোয়ার হোসেনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। একই নির্দেশে ওই ইউনিয়নের ছাত্রলীগের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।
‘নীলফামারীতে পাল্টাপাল্টি কর্মসূচি, নিয়োগ বাণিজ্য ও শিক্ষক লাঞ্ছিতের অভিযোগ’ শিরোনামে বৃহস্পতিবার প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়।
উত্তর চওড়া বড়গাছা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামের অভিযোগ, চওড়া বড়গাছা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন গত মঙ্গলবার কলেজে ঢুকে তাঁকে মারধর করেন।