নীলফামারীতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ
নীলফামারীতে ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে গত রোববার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। এঁরা হলেন পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদ আলী (২৪) ও পথচারী শহরের শাহীপাড়ার রাহাত (৩০)।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার রাত নয়টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি দীপক চক্রবর্তী ও সাধারণ সম্পাদক নাঈম ইসলামের বিরুদ্ধে সাইদ আলীর নেতৃত্বে শহরে একটি মিছিল বের করা হয়। একই সময় সদর উপজেলা ছাত্রলীগের কর্মী আল আমীনের নেতৃত্বে সম্মেলন উপলক্ষে শহরে অপর একটি মিছিল বের করলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।জেলা ছাত্রলীগের সভাপতি দীপক চক্রবর্তী বলেন, আজ মঙ্গলবার ছাত্রলীগের নীলফামারী পৌর, সদর উপজেলা ও কলেজ শাখার সম্মেলন উপলক্ষে রোববার রাতে একটি মিছিল বের করা হয়। এ সময় কে বা কারা ওই মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা ছাত্রলীগের কেউ নয়।ছাত্রলীগের নেতা সাইদ আলী অভিযোগ করে বলেন, ‘আমি পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলাম। কিন্তু জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মেলনের আগেই কমিটি করে রেখেছেন। ওই কমিটিতে আমিসহ ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে অছাত্রদের রাখা হয়েছে।’তবে জেলা ছাত্রলীগের সভাপতি দীপক চক্রবর্তী জানান, সম্মেলনের আগে কমিটি করার কোনো সুযোগই নেই। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হবে।