নীলফামারীতে ছয় দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব উপলক্ষে গতকাল সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে নীলফামারী শহরে শোভাযাত্রা বের করা হয়। ছবিটি পৌর বাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো
ছয় দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব উপলক্ষে গতকাল সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে নীলফামারী শহরে শোভাযাত্রা বের করা হয়। ছবিটি পৌর বাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো

‘সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে সংস্কৃতিচর্চা’ স্লোগানে নীলফামারীতে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ছয় দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। গতকাল সোমবার বিকেল সোয়া পাঁচটায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এর আগে উৎসব উপলক্ষে সংস্কৃতিমন্ত্রীর নেতৃত্বে জেলা শহরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন চত্বরে শেষ হয়। সেখানে মন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।

আয়োজক সূত্র জানায়, উৎসবকে ঘিরে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণসহ আশপাশের এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। গতকাল প্রথম দিন ডিমলা উপজেলার শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করেন। আজ মঙ্গলবার ডোমার, ২৫ জানুয়ারি জলঢাকা, ২৬ জানুয়ারি কিশোরগঞ্জ, ২৭ জানুয়ারি সৈয়দপুর উপজেলা ও শেষ দিন সদর উপজেলার শিল্পীদের অনুষ্ঠান পরিবেশন করার কথা রয়েছে।

শিল্পকলা একাডেমিরসংস্কৃতি কর্মকর্তা কে এম আরিফউজ্জামান বলেন, নীলফামারীতে এবার দ্বিতীয়বারের মতো সাংস্কৃতিক উৎসব হচ্ছে। উৎসব শেষ হবে ২৮ জানুয়ারি। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সিভিল সার্জন আবদুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, সহকারী পুলিশ সুপার মো. ফিরোজ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মুজিবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মুহাম্মদ বেলায়েত হোসেন, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র বর্ধন, সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ প্রমুখ।