নীলফামারীতে ছয় বছরের শিশু ধর্ষণের শিকার
নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নে প্রথম শ্রেণির ছাত্রী ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে৷ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বুধবার রাতে নীলফামারী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ইটাখোলা ইউনিয়নের হরিবল্লব গ্রামের সেলিম হোসেন ওরফে ব্যাঙকে (২০) আসামি করা হয়েছে৷
নীলফামারী সদর থানার ওসি শাহাজান পাশা বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে৷
মামলার এজাহারে উল্লেখ রয়েছে, সেলিম বুধবার বিকেলে শিশুটিকে একা পেয়ে ধরে বাড়ির পেছনে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়৷ এ সময় শিশুটি জ্ঞান হারিয়ে সেখানে পড়ে থাকে। পরে এলাকাবাসী শিশুটিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফজলুল হক বলেন, শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।