নীলফামারীতে জঙ্গিবাদবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে জঙ্গিবাদবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে গত বুধবার সন্ধ্যায় স্থানীয় শহীদ মিনার চত্বরে ওই প্রতিবাদী সন্ধ্যা হয়।

অনুষ্ঠানে শিল্পীরা প্রতিবাদী সুর তুলে বিভিন্ন জঙ্গি হামলার প্রতিবাদ জানান। একই সঙ্গে মানবতার গান গেয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সঙ্গে গানের সুরের মূর্ছনায় শোকের মাসকে বিদায় জানান।

শিল্পীদের প্রতিবাদী কবিতা আবৃত্তি জাগিয়ে তোলে প্রতিবাদী মানুষকে। জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ব্যতিক্রমী ওই অনুষ্ঠান উপভোগ করেন সহস্রাধিক দর্শক-শ্রোতা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী রকিবুল আলম, বেবী ঘোষ, দুলাল রাজবংশী, হৃদয় কুমার দে, আবদুর রাজ্জাক প্রমুখ।

এর আগে বিকেলে সেখানে সমাবেশে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিমের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জুয়েল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম আহ্বায়ক আবদুল বারী, আলোর পথযাত্রী সাংস্কৃতিক পরিষদের সভাপতি মনিরুল হাসান প্রমুখ।

জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম বলেন, ‘সংস্কৃতি চর্চা বিকশিত করে আমরা দূর করতে চাই মৌলবাদ ও জঙ্গিবাদ। বিকশিত করতে চাই মানুষের মানবিক গুণাবলি। তাই শোকের মাসের শেষ সন্ধ্যায় আমাদের এ আয়োজন।’