নীলফামারীতে জন্মবিরতিকরণ ক্যাম্প অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী পরিবার পরিকল্পনা বিভাগের মা ও শিশুকল্যাণ কেন্দ্রে স্থায়ী এবং দীর্ঘমেয়াদি জন্মবিরতিকরণ ও ইমপ্লান্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে ক্যাম্পের উদ্বোধন করেন পরিবার পরিকল্পনার রংপুর ও রাজশাহী বিভাগের পরিচালক মলয় কুমার রায়। তিনি ফিতা কেটে ওই ক্যাম্পের উদ্বোধন করে জন্মবিরতিকরণ কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি পরিবার পরিকল্পনা বিভাগের সব কার্যক্রমের সহজপ্রাপ্যতা নিশ্চিত করে নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আফরোজা বেগম, মা ও শিশুকল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা রোখসানা বেগম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল হালিম প্রমুখ।
আফরোজা বেগম প্রথম আলোকে বলেন, এই ক্যাম্পের মাধ্যমে এ জেলার দেড় শতাধিক নারী দীর্ঘমেয়াদি জন্মবিরতিকরণ ইমপ্লান্ট এবং ৩০ জন নারী-পুরুষ স্থায়ী পদ্ধতি গ্রহণ করেছেন। একই দিনে জেলার ডিমলা ও কিশোরগঞ্জ উপজেলায়ও ক্যাম্প পরিচালিত হয়।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগ সূত্র অনুযায়ী, ২০১৪ সালের জুলাই থেকে গত বছরের জুন পর্যন্ত জেলায় স্থায়ী জন্মবিরতিকরণ পদ্ধতি গ্রহণ করেছেন ২ হাজার ৭৭৫ জন এবং অস্থায়ী পদ্ধতি ইমপ্লান্ট ও আইওডি গ্রহণ করেছেন ১১ হাজার ৩০৮ জন। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ১ হাজার ২৫৯ জন স্থায়ী এবং ৫ হাজার ৩১২ জন অস্থায়ী পদ্ধতি গ্রহণ করেন।