
নীলফামারীতে এবার তুলনামূলক আগেভাগেই জমে উঠেছে ঈদের কেনাকাটা। ব্যবসায়ীরা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবার বিক্রি বেশি। পছন্দের জিনিস কেনার সাধ ও সাধ্যের সামঞ্জস্য খুঁজে পেয়ে ক্রেতাও খুশি।
সরেজমিনে গতকাল বুধবার শহরের বড় বাজার, পৌর বিপণিবিতান, হাজী মকবুল মার্কেট ইত্যাদি অভিজাত বিপণিবিতানে করা হয়েছে আলোকসজ্জা। সন্ধ্যার পর এসব বিপণিবিতানে ভিড় বাড়তে দেখা গেছে। শহরের বিভিন্ন কাপড়ের দোকানে ক্রেতাদের সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে। কেউ দেখছেন, কেউ কিনছেন।
শহরের বড় মসজিদ সড়কের সততা বস্ত্রালয়ে গিয়ে দেখা যায় ক্রেতাদের ভিড়। এ সময় কথা হয় শহরের জুম্মাপাড়ার গৃহিণী আফরোজা আক্তারের সঙ্গে। তিনি বলেন, ‘পরিবারের সবার কেনাকাটা প্রায় শেষ। এখন আমার নিজের জন্য থ্রিপিস পছন্দ করছি।’ তিনি বলেন, ভালো জিনিসের দাম তো একটু বেশি তো হবেই। তারপরও সাধ ও সাধ্যের মধ্যে রয়েছে। তা ছাড়া অন্যান্য বছরের তুলনায় এবার বাজারে সব ধরনের পোশাক পাওয়া যাচ্ছে। তা ছাড়া আগেভাগে ঈদের কাপড় কিনতে না পারলে দরজির দোকানে সিরিয়ালও পাওয়া যাবে না। তাই গজ কাপড় কিনে নিয়েছেন সবার আগে।
সততা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী আসাদুল হক বলেন, এবার দেশি শাড়ি এবং বিদেশি থ্রিপিস বিক্রি হচ্ছে বেশি। শাড়ির মধ্যে সিল্ক, মাসরাইজ, টাঙ্গাইল, হাফসিল্ক শাড়ির চাহিদা বেশি। তবে জামদানি কম কিনছেন ক্রেতারা। আর ভারতীয় ফোর টাচ, বাঁধন, গঙা, ভরসা, গাউন, বিনয়, বরুস নামের থ্রিপিসের চাহিদা বেশি। এসব থ্রিপিসের দাম ৩ থেকে ১২ হাজার টাকা। তিনি আরও বলেন, এবার আগেভাগেই বিক্রি শুরু হয়েছে। সকাল থেকে রাত ১২টা পর্যন্ত বেচাকেনা হচ্ছে। শুধু মাঝে ইফতারির সময় কেনাবেচা বন্ধ থাকে।
একই সড়কের ভৌমিক বস্ত্রালয়ের স্বত্বাধিকারী সাথি ভৌমিক বলেন, এবার বেচাবিক্রি ভালো। মেয়েদের কাপড়ই বেশি বিক্রি হচ্ছে।
বেলা দুইটার দিকে শহরের হাজী মকবুল হোসেন মার্কেটের কালার্স গার্মেন্টসে দেখা গেল, ক্রেতাদের উপচে পড়া ভিড়। এ সময় আনজুমান পারভিন নামের এক ক্রেতা বলেন, ‘এবার কেনাকাটা আগেভাগে শেষ করেছি। আজ শার্ট কিনতে এসেছি।’ তিনি বলেন, এবার পছন্দের কাপড় পাওয়া যাচ্ছে। তুলনামূলকভাবে দামও খুব বেশি বলে মনে হচ্ছে না।
শহরের কালীবাড়ি সড়কের ফারজানা গার্মেন্টসের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম বলেন, ‘এখন তৈরি পোশাকের দোকানে ভিড় বেশি। আমাদের সে হিসেবে বিক্রি কম হলেও খারাপ না।’ তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমি তিন হাজার পিসের বেশি জাকাতের শাড়ি, লুঙ্গি বিক্রি করেছি। আশা করছি আরও হবে।’
শহরের কসমেটিকসের দোকানেও ভিড় লক্ষ করা গেছে। পাশাপাশি শহরের বড় বাজার ও শহরের বড় মাঠে বসা কাপড়ের দোকানগুলোতে তুলনামূলক কম আয়ের মানুষজনের ভিড় জমে উঠতে দেখা গেছে।