নীলফামারীতে জামায়াতের তাণ্ডব, ১১ জন অগ্নিদগ্ধ
গ্রেপ্তারি পরোয়ানার আসামিকে পুলিশে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার রাতে নীলফামারীর জলঢাকা উপজেলার কালীগঞ্জ বাজারে তাণ্ডব চালিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ ঘটনায় ১১ জন অগ্নিদগ্ধসহ ২০ জন আহত হয়েছেন।অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন ইয়াছিন আলী, রশিদুল ইসলাম, আবু তালেব, মনিরুজ্জামান, আফজাল হোসেন, বিবেকানন্দ, আক্তারুজ্জামান, রমেশ চন্দ্র, গিনিউর জামান, পরিমল চন্দ্র রায় ও ফরিদুল ইসলাম। স্থানীয় লোকজন জানান, গত ১০ এপ্রিল আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল ও সমাবেশে হামলা, দোকান ভাঙচুর ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের আহত করার ঘটনায় একটি মামলা হয়। এ মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাঁদের একজন ফেরদৌস আলম (৩০) বুধবার সন্ধ্যায় বাজারে এলে বাদীপক্ষের লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। রাত আটটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মশিয়ার রহমান ও তাঁর লোকজনের ওপর হামলা চালান। এরপর তাঁরা বাজারের ১৩টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে আগুন দেন। হামলা থেকে রক্ষা পেতে আওয়ামী লীগ-সমর্থিত লোকজন মশিয়ার রহমানের ভাই ফরিদুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠানে আশ্রয় নিলে ওই প্রতিষ্ঠানের মূল দরজা বাইরে থেকে আটকে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। এ সময় ভেতরে আটকা পড়া ব্যক্তিদের মধ্যে ১১ জন অগ্নিদগ্ধ হন। তাঁদের প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস কুমার পণ্ডিত জানান, ফেরদৌসকে গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। বুধবার রাতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।